বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি সন্ধ্যা থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই ব্যারেজের সব জলকপাট খুলে দেয়া হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
তিস্তা নদীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্ট
তিস্তা নদীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্ট |নয়া দিগন্ত

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানান, সোমবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এরপর সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েটে বিপদসীমার তিন সেন্টিমিটার ও সন্ধ্যা ৭টা থেকে সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার ৫২ দশমিক ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে তিস্তার পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এদিকে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষজনের মধ্যে বন্যার আশঙ্কা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাব চৌধুরী জানান, ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি সন্ধ্যা থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই ব্যারেজের সব জলকপাট খুলে দেয়া হয়েছে।