মমেক হাসপাতালে ৩ মাসে হামে মৃত্যু ৫০

বর্তমানে হামে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেনি। বর্তমানে প্রায় ১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত তিন মাসে হাম ও উপসর্গজনিত কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে, যাকে চিকিৎসকরা ‘সন্দেহজনক হাম’ হিসেবে চিহ্নিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সর্বশেষ মৃত শিশুটির বয়স ছিল ১০ মাস। তার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। গত ২ জুন সন্ধ্যায় তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ১২ জুন সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, হামের পাশাপাশি সেপটিক শক, নিউমোনিয়া ও প্লুরাল ইফিউশন তার মৃত্যুর কারণ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হামে আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। তবে এ সময়ে কোনো রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেনি। বর্তমানে প্রায় ১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ জুন পর্যন্ত মোট দুই হাজার ৬২ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক হাজার ৯১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যুর সংখ্যা অর্ধশত স্পর্শ করায় উদ্বেগ তৈরি হয়েছে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘অধিকাংশ রোগী জটিল অবস্থায় হাসপাতালে আসছেন। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মৃত্যুঝুঁকি বাড়ছে।’

তিনি শিশুদের জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।