মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনসার কমান্ডার পরিচয় দিয়ে সরকারি নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন ধ্বংস ও ব্যাটারি জব্দ করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে এ ব্যবস্থা গ্রহণ করে।
প্রশাসন সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী দীর্ঘদিন ধরে ঝাড়কাটা নদী থেকে ভেকু মেশিন ব্যবহার করে সরকারি জমির মাটি অবৈধভাবে উত্তোলন করে আসছিল। খবর পেয়ে প্রশাসন অভিযান চালালে অভিযুক্ত নুরনবী পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে থাকা ভেকু মেশিনটি অকেজো করে দেয় ভ্রাম্যমাণ আদালত এবং এর ব্যাটারি জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, নুরনবী দীর্ঘদিন ধরে আনসার কমান্ডার পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এমনকি বিভিন্ন সালিশ বৈঠকে অর্থের বিনিময়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, ‘সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’



