চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন দ্বিচারিতার আশ্রয় নিয়েছে। জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।’
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা বিভাগের উদ্যোগে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকার এস আর স্কয়ারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি গুলশান হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি কামরুন্নাহারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রীনা।
আলোচনা সভায় বক্তব্য দেন আসমা সুলতানা, শামসুন্নাহার, মুমতাহিনা আফিয়া, খাদিজা বেগম, ফরিদা ইয়াসমিন, সাফিয়া বেগম ও সালমা আক্তার।
বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু সেই আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি।’
তারা বলেন, ‘জনগণের প্রত্যাশার অন্যতম বিষয় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অবস্থান অস্পষ্ট ও পরস্পরবিরোধী, যা জনগণের মধ্যে হতাশা তৈরি করছে।’
তারা আরো বলেন, ‘জুলাই শহীদদের রক্তের ঋণ কেবল স্মরণসভা বা আনুষ্ঠানিকতার মাধ্যমে শোধ হবে না। জনগণের ভোটাধিকার, সুশাসন, ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সেই আত্মত্যাগের যথার্থ মর্যাদা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে জেলা ও উপজেলা মহিলা জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফেরাত, আহতদের সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।



