নাজিরপুরে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আরিফ উদ্দিন মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
অভিযানে গ্রেফতার আরিফ উদ্দিন মন্ডল
অভিযানে গ্রেফতার আরিফ উদ্দিন মন্ডল |নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আরিফ উদ্দিন মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙ্গা তদন্তকেন্দ্রের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ ময়মনসিংহের ধোবাউড়া থানার গামারীতলা গ্রামের মো: রইছ উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাটিভাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম আলমগীর কবীরের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এস এম সালেহীনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ উদ্দিন মন্ডলকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এস এম সালেহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা চেকপোস্টে সতর্ক অবস্থানে ছিলাম। সন্দেহজনক চলাফেরার কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।’

নাজিরপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। থানার প্রতিটি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।