মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আকাশ আহমেদ বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো: বাচ্চু মিয়ার ছেলে। তিনি ইউনিলিভার লিমিটেডে চাকরিরত ছিলেন। পরিবারের একমাত্র সন্তান ছিলেন আকাশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আকাশ আহমেদ বাড়ির টিনের ঘরের চালে ওঠেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য উপসহকারী বিপ্লব হোসেন জানান, আকাশ আহমেদ নামে ওই যুবককে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা: পার্থ সরকার দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।



