নিজের বক্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি একটু ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসছেন, একটু গন্ডার হতে হবে। তবে এমন গন্ডার হইয়েন না, যে নাড়া দিলেও নড়ে না।’
তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। উনি ছয় মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেইল করেছেন। এখন সময় এসেছে—হাতে ক্ষমতা তুলে নেয়ার।’
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাট ও ওসমানীনগরে এনসিপির পৃথক পদযাত্রায় জনতার ঢল নামে। শুক্রবার জৈন্তাপুরেও দলটির বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে পাটওয়ারী বলেন, ‘আজকে থেকে ব্যবসায়ীরা কাউকে চাঁদা দেবেন না। সরকারি অফিসে ঘুষের টাকা দেবেন না।’
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘হাসিনা দিল্লিতে, ওইখানে বসে ধমক দেয়, কয় আমি আসব। বাংলাদেশের যেকোনো প্রান্ত দিয়ে হাসিনা দেশে আসলেও ফাঁসি নিশ্চিত করবে বাংলার জনগণ।’
ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, ‘ছাত্রদল ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলনে ছিল, অস্বীকার করার জো নেই; কিন্তু ৫ তারিখের পরে লুটপাট কারা করেছিল?’
সীমান্ত হত্যা প্রসঙ্গে পাটওয়ারী বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে এমপিরা কথা বলে না কেন, কারণ রাতে ভাগ পায়।’
কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধের সমালোচনা করে তিনি বলেন, এতে মানুষের কর্মসংস্থান কেড়ে নেয়া হয়েছে। তিনি সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন শুরুর দাবি জানান। হযরত শাহজালাল (র.) মাজারের অব্যবস্থাপনা দূর এবং দানের অর্থের হিসাব রাখারও আহ্বান জানান।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলন করা দল স্বৈরাচার হলে সেটা হতে দেবে না এনসিপি। নতুন করে কেউ স্বৈরাচার হয়ে উঠতে চাইলে আমরা তাদের প্রতিরোধ করব।’
বিএনপি সরকার সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসিয়ে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আজকে থেকে পাঁচ বছর পর আওয়ামী লীগ করতে চায় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।’
সংসদ সদস্য ও এনসিপির নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু বলেন, ‘সংসদে জনগণের কথা বলে এনসিপি। দলটি এমন সিস্টেমের পরিবর্তন চায়, যার ফলে পুলিশ ও প্রশাসন দেশের জনগণের হবে। কোম্পানীগঞ্জের কর্মসূচি শেষে ‘জুলাই পদযাত্রা’ গোয়াইনঘাট ও জৈন্তাপুরের উদ্দেশে রওনা হয়।’
এদিকে, হবিগঞ্জের পর সিলেটের গোলাপগঞ্জেও সভা থেকে ফেরার পথে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জোরদার করে।



