শৈলকুপায় বাকিতে চা না দেয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ১০

রিপন বাকিতে চা চাইলে দোকানদার শাহজাহান চা দিতে অস্বীকৃতি জানান। এতে তাদের উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa

শৈলকুপায় বাকিতে চা না দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার খালধারপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে খালধারপাড়া এলাকার রিপন নামের এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে শাহজাহান আলী নামের এক চায়ের দোকানে চা খেতে আসেন। এ সময় রিপন বাকিতে চা চাইলে দোকানদার শাহজাহান চা দিতে অস্বীকৃতি জানান। এতে তাদের উভয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১০ জন ব্যক্তি গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে শৈলকূপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দোকানদার শাহজাহান বলেন, ‘রিপন আমার দোকানে সকাল আনুমানিক ১০টার দিকে চা বাকিতে খাওয়ার জন্য আসে। আমি তাকে চা বাকি না দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘চা বাকি দেয়া নিয়ে ক্রেতার সাথে দোকানদারের মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’

লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।