ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে হবিবুর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাগ্নি মোছাম্মৎ নুরুন্নাহার বাদি হয়ে ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের দিন নির্ধারণ করেন।
রায়ে আদালত ২০ আসামিকে খালাস প্রদান করেন এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যা মামলায় আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।



