জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি বেকসুর খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক আব্দুর রহিম।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকার মো: শিপন (১৯), মো: ইব্রাহিম (২৫) ও মো: ইউসুফ আলী (২০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল তার চাচাতো ভাই মো: সাদিকের। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে বিয়ের আশ্বাসে মেয়েটিকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে শিপন, ইব্রাহিম ও ইউসুফ উপস্থিত হলে পালিয়ে যান সাদিক। মেয়েটিকে তখন ওই তিনজন গণধর্ষণ করে।
১৬ দিন পর ইসলামপুর থানায় সাদিকসহ চারজনের নামে ধর্ষণ মামলা করেন স্কুলছাত্রীর বাবা।
ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক আব্দুর রহিম। তবে দু’পক্ষের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পান প্রধান আসামি সাদিক।



