সিলেট সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাই মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। একই সময়ে জৈন্তাপুর সীমান্তে পৃথক দু’টি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালায় বিজিবি। এ সময় ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, বিভিন্ন ধরনের সবজি, আঙুর, মদ ও একটি এয়ার রাইফেল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ ও অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৯২ হাজার টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত পৃথক দু’টি অভিযানে চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে মিনাটিলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে। এর ধারাবাহিকতায় শনিবার দুপুর পৌনে ১টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরো একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।
উদ্ধারকৃত এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।



