লোহাগাড়া প্রেসক্লাবের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যদের সাথে শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যদের সাথে শিক্ষা, গবেষণা ও সাংবাদিকতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো: জসীমউদ্দিন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো: জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা নোবেল বড়ুয়া, কো-অর্ডিনেটর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) মো: তহীদুল ইসলাম মাছুম এবং এডমিশন অফিসার সৈয়দ তানজিমুল হাকিম।

সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং সমাজ উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে শিক্ষাবান্ধব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাংবাদিক পুষ্পেন চৌধুরী, সাত্তার শিকদার, রায়হান সিকদার, হোসাইন মেহেদী, জাহেদ হোসেন ও খলিল চৌধুরী। সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের অবদানকে গুরুত্বারোপ করেন। তারা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গণমাধ্যমে যথাযথভাবে প্রচারের আশ্বাস দেন।

বক্তারা আরো বলেন উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং শিক্ষাবান্ধব উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম ও অর্জনসমূহ জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্বের ওপর আলোকপাত করেন। সাংবাদিকবৃন্দও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সুসম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় শিক্ষার আলো বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং লোহাগাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।