আমিনবাজারে ধর্ষণের পর নারীকে শ্বাসরোধে হত্যা

এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা করেন মৃতের বাবা শওকাত হোসেন। এর আগে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা |ফাইল ছবি

সাভারের আমিনবাজার এলাকার বড়দেশীর হাজীনগরের জনৈক ইউসুফ আলীর ভাড়া বাসায় শারমিন আক্তার লিজা (৩৯) নামে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সাভার মডেল থানায় এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা করেন মৃতের বাবা শওকাত হোসেন। এর আগে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এজহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে শারমিন আক্তারের সাথে স্বামী মাইনুদ্দিন আহমেদ জনির ডিভোর্স হয়। তার একটি মেয়ে রয়েছে। শারমিন আমিনবাজরের বড়দেশী গ্রামে ভাড়া থেকে ঢাকার বসুন্ধরা মার্কেটে সেলসম্যান হিসেবে চাকরি করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে শারমিনের মেয়ে তার মাকে রেখে তার বান্ধবীর বাসায় বেড়াতে যায়। বেড়ানি শেষে এসে দেখে খাটের ওপর তার মায়ের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লাশ দেখে সে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

সাভার মডেল থানা ও আমিনবাজার ফাঁড়ি ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাকির আল-হাসান শুক্রবার সকালে নয়া দিগন্ত কে বলেন, ‘ধর্ষণ শেষে নারীকে হত্যা করা হয়েছে। এঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।’