ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবেশে ট্রেনে ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের ১১ নারী সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই প্ল্যাটফর্মে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনি (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথী আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহেলা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শাহ আলম মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্টেশনের উভয় প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে যাত্রী সেজে ছিনতাইয়ের সাথে জড়িত।
তিনি আরো জানান, আটক প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন ও রেলস্টেশনকেন্দ্রিক ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামকে স্থানীয়ভাবে অনেকে ‘চোরের গ্রাম’ নামে অভিহিত করে থাকেন। তবে একই গ্রামে অনেক শিক্ষিত, জ্ঞানী-গুণী ও কৃতী ব্যক্তিও রয়েছেন। তাই কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডের দায় পুরো গ্রামের মানুষের ওপর বর্তায় না।



