হিলি (সংবাদদাতা) দিনাজপুর
দিনাজপুরের হিলিতে চোরাই মালামাল উদ্ধারের পর ট্রাকের মালিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই হিলির সাতকুড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ছোলা বুট ও সরিষা উদ্ধারের পর, তদন্তের মাধ্যমে প্রকৃত মালিক ও এই চোরাই চক্রের সন্ধান পাওয়া গেছে।
শনিবার (৪ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার ট্রাক মালিক স্বপন কুমার রায়, একই উপজেলার হেলপার পৃথলী চন্দ্র রায়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার ব্যবসায়ী লাল মিয়া। তাদের কাছ থেকে চোরাই মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ জুন ঠাকুরগাঁওয়ের এক ব্যবসায়ী চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আট টন ছোলা-বুট ও ছয় টন সরিষা কিনে একটি ট্রাকে করে ঠাকুরগাঁওয়ে পাঠান। কিন্তু ট্রাকচালক ও হেলপার মালামাল নির্ধারিত গন্তব্যে না নিয়ে পথে বিভিন্ন স্থানে বিক্রি করে দেন। অবশিষ্ট মালামাল গত ২ জুলাই হিলির একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা। পরে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে মালামালের মালিক ঠাকুরগাঁওয়ের সাখাওয়াত হোসেন হাকিমপুর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তে পুলিশ নীলফামারীর সৈয়দপুরের একটি তেল পাম্প থেকে ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাক মালিককে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে হেলপারকে গ্রেফতার করা হয়। পরে হেলপারের তথ্য অনুযায়ী যাদের কাছে মালামাল বিক্রি করা হয়েছিল, তাদেরও গ্রেফতার করা হয় এবং চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চোরাই মালামালের ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন ব্যবসায়ীর মালামাল পরিবহনের দায়িত্ব নিয়ে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে সেগুলো আত্মসাৎ করে সংঘবদ্ধ চক্রের সদস্যদের কাছে বিক্রি করতেন।
এ চক্রের সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।



