যশোর অফিস
মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি কামনায় যশোরে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি নগরবাসীর প্রতি কোরবানির বর্জ্য দ্রুত নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান। তিনি বলেন, দুপুর ২টার মধ্যে বর্জ্য নির্ধারিত স্থানে ফেললে বিকেল ৪টার মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা তা অপসারণ করতে পারবেন। পরে বর্জ্য ফেললে পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যাহত হতে পারে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের বেপরোয়া ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। অসচেতনভাবে মোটরসাইকেল চালানোর কারণে অনেক সময় ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়।
নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তাই পরিকল্পিত লোডশেডিংয়ের প্রয়োজন নেই। তবে কোথাও কোথাও ঝড়ের কারণে সঞ্চালন লাইনে সমস্যা তৈরি হয়ে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এসব সমস্যা দ্রুত সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
ঈদের জামাতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



