খুলনায় যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলি করে আহত করা হয়েছে। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) ও জাহিদ (৩৫)।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে তাদের সাথে তর্ক-বিতর্কে জড়ায়। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে লাগে।
গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, ‘আমি যুবদলের জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি অফিসে বসে ছিলাম। এ সময় পারভেজ এসে কথা বলে। তার বাড়ি মুক্তার হোসেন রোডে। ওর বাবার নাম নুর ইসলাম। ওকে আমি আগে থেকে চিনি। কথা বলে পারভেজ বের হয়ে যায়। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। ঠেকাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হয়। আমি অফিসের পিছন দরজা দিয়ে বের হই। পারভেজ পিছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলি করে।’
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, ‘পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’



