নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে ভুট্টা ক্ষেতের পাশ থেকে সিরাজুল আল সামস (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি গ্রামের ডাঙ্গাপাড়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ওই গ্রামের মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের ডাঙ্গাপাড়া মাদরাসা সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে স্থানীয়রা তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
লাশ উদ্ধারের সময় দেখা যায়, শিশুটির পায়ের রগ কাটা ছিল। এছাড়া ডান পায়ের ঊরু, ঘাড়ের ডান পাশ, ডান হাতের বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরবর্তীতে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুটির হাত ও পায়ের রগসহ শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্তে নবাবগঞ্জ ও ফুলবাড়ী থানা যৌথভাবে কাজ করছে।
খুব দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আটক করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



