সাভারে শামীম নামে এক মাদক কারবারির সাথে সখ্য থাকার অভিযোগে থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে সাভার মডেল থানা পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) মনির, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর ও এএসআই মেরাজ।
এসপি শামীমা পারভীন বলেন, ‘মাদক কারবারি শামীমের সাথে যোগাযোগ থাকায় সাভার থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। অপরাধ করলে কেউ পার পাবে না।’
তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। যারা ঈদে বাড়িতে যাবেন, তাদের ফাঁকা বাসায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্যে পুলিশ তৎপর রয়েছে।’
এ সময় থানার বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এসপি।
এর আগে তিনি আশুলিয়া ও ধামরাই থানা পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাভার পৌর এলাকার রাজাশনে তিন দিন আগে সংবাদ সংগ্রহ করতে মাদক কারবারি শামীমের আস্তানায় গেলে দেশ টিভি ও এসএ টিভির দুই সাংবাদিক এবং দুই ক্যামেরাম্যানকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে মামলা করা হলেও পুলিশ এখনো শামীমকে গ্রেফতার করতে পারেনি।



