নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এবং পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এসব অবৈধ চুনা কারখানায় অভিযান চালিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা ও কর্মচারীসহ সোনারগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এছাড়াও সোনারগাঁও ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে আগুন নিভিয়ে সহযোগিতা করে। অভিযানে পিরোজপুর এলাকার হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা ও তার চাচা দুলাল মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় মুজাফ্ফর আলী ফাউন্ডেশনের পাশে দু’টি, সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া এলাকায় দু’টি এবং দৌলেরবাগ এলাকার একটি চুনার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। এ চক্রটি প্রতিদিন ৫৬ হাজার ঘনফুট অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। ফলে প্রতিমাসে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর আগেও এসব কারখানাগুলোতে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। কিন্তু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরদিনই সংযোগ নিয়ে পুনরায় ব্যবসা করে থাকেন। খবর পেয়ে এসব কারখানায় অভিযান চালিয়ে ভাট্টিগুলো গুড়িয়ে দেয়া হয়।
তিনি আরো জানান, এসব অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছে। গ্যাস সংযোগ অভিযানকালে অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকার কারণে তাদের জেল জরিমানা করা সম্ভব হচ্ছে না। অভিযানকালে এক হাজার ১৫০ ফুট পাইপ জব্দ করা হয়। এ অবৈধ গ্যাস বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস ব্যবহারের জন্য মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।



