সোনারগাঁওয়ে সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার সাগর মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আসামি। শনিবার দুপুরে দুই কনস্টেবলকে সাথে নিয়ে সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন এসআই সুরুজ্জামান।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
হামলার শিকার এসআই মো: সুরুজ্জামান মিয়া ও কনস্টেবল শাহিন আলম
হামলার শিকার এসআই মো: সুরুজ্জামান মিয়া ও কনস্টেবল শাহিন আলম |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে চারজনই আহত হয়েছেন। অভিযানে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সাদা পোশাকে অভিযান চালানোর বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকলেও মাঠ পর্যায়ে পুলিশ তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

আহতরা হলেন— সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সুরুজ্জামান মিয়া, কনস্টেবল শাহিন আলম, কনস্টেবল মাইনুল ইসলাম ও পুলিশের এক সোর্স। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত পুলিশ সোর্সকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত এসআই মো: সুরুজ্জামান মিয়া জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার মাসুম মিয়ার ছেলে ও ডাকাতদলের সদস্য সাগর মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আসামি। শনিবার দুপুরে দুই কনস্টেবল শাহিন আলম ও মাইনুল ইসলামকে সাথে নিয়ে সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান পরিচালনা করেন এসআই সুরুজ্জামান।

এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তিন পুলিশ সদস্য ও সোর্সকে কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় সাগর ও তার ভাই সজলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, পুলিশ সদস্যরা পুলিশের নির্দিষ্ট পোশাক ছাড়া অভিযান চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে। তবে যারা অভিযানে এসেছেন তাদের কোনোভাবেই পুলিশ বলে মনে হয়নি। ফলে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। পুলিশের পোশাক ছাড়া অভিযান চালালে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুল বোঝাবুঝি থেকে হামলার ঘটনা ঘটে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব বলেন, হাসপাতালে তিনজন পুলিশ সদস্য চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহতদের ধারালো অস্ত্রের আঘাতজনিত ক্ষত থাকায় টেন্ডন রিপেয়ার (রগ জোড়া লাগানো) লাগবে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেফতার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা নিয়মিত ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।