স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছ, এটা শঙ্কার কথা। আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে, নইলে ভবিষ্যতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।’
তিনি বলেন, ‘কৃষিজমি যতটা সম্ভব রক্ষা করতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না।’ একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির অপচয় কমানোর কথাও বলেন তিনি।
বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তার সুফল ইতোমধ্যেই অনেকাংশে দৃশ্যমান হয়েছে। আগামীতে শিক্ষা খাতের উন্নয়ন আরো দৃশ্যমান হলে মানুষ সহজেই তা বুঝতে পারবে।’
এসময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন ও জেলা প্রশাসক রফিকুল হকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এছাড়া নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের কাজও ঘুরে দেখেন।
সূত্র : বাসস



