পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন আগামী এক বছরে আড়াই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় এক লাখ গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।’ তিনি এ কর্মসূচি বাস্তবায়নে পেশাজীবী দলের উদ্যোগকে স্বাগত জানান।
তিনি আরো বলেন, ‘রাজশাহীকে আরো পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ ও সবুজায়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ সফল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এস এ মুসা ও হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেন, মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।



