সোনারগাঁওয়ে ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে গ্রেফতার ১৪

অভিযানে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়
সোনারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময়ই তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব ও পশ্চিম পাশে অবৈধ স্থাপনা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীসহ সর্বসাধারণের যাতায়াতে বিঘ্ন ঘটছিল। শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ কমাতে বৃহস্পতিবার দুপুরে চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান ও রাস্তায় পার্কিং করার অভিযোগে ১৫ জন দোকানদার ও সিএনজিচালিত অটোরিকশা ড্রাইভারদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়। গ্রেফতারদের ১৪ জনকে বিনাশ্রমে কারাদণ্ড ও একজনকে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। এইচএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণের নিবিঘ্নে চলাচলে যানজট নিরসনে এ অভিযান বলে জানান স্থানীয় প্রশাসন।

ইউএনও আসিফ আল জিনাত জানান, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিডার রোডে অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত ও পাশাপাশি রাস্তায় যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা পার্কিং না করার জন্য বিভিন্ন সময় অভিযান ও মাইকিং করা হয়। ওই এলাকায় সিএনজির জন্য আলাদা জায়গা থাকা সত্ত্বেও তারা রাস্তার ওপর পাকিং করে রাখে। তাদেরকে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপির নেতাদের মাধ্যমে সচেতন করা হয়। আইনের প্রতি সম্মান দেখাতে বলা হয় কিন্তু তারা কিছুই মানছে না।’

তিনি বলেন, ‘বুধবার তাদের বলা হয়, কাল এইচএসসি পরীক্ষা। তাতেও তারা সচেতন নয়। আজ আইনের প্রয়োগে অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করা হয়। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘আজকের অভিযান একটি সর্তকমূলক অভিযান। এ অভিযান অব্যহত থাকবে। পরবর্তী অভিযান আরো শক্ত অবস্থানে ব্যবস্থা নেয়া হবে।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মোগড়াপাড়া চৌরাস্তার দু’পাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এ যানজটমুক্ত করতে অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও একজনকে জরিমানা করা হয়। পরে আইনগত ব্যবস্থা পূর্বক সাজাপ্রাপ্ত ১৪ জনকে আদালতে পাঠানো হয়।

অভিযানে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।