ঝালকাঠির রাজাপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষে দু’টি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
খালটি মরহুম সাহেব আলী শিকদারের বাড়ি, ঘরামিবাড়ির পাশ, ভাতকাঠি আদাখোলা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকা হয়ে আমিন বাড়ির পাশ দিয়ে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত।
উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার গোড়াখাল থেকে খনন কাজ শুরু হয়। পরে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে সোহরাব মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত আরেকটি খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি জামাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাল দু’টি খননে মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি তিন লাখ টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, খাল দু’টি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।



