মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপানের পর মারামারিতে আহত আলমগীর হোসেন (২৭) নামে এক যুবকের হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলমগীর হোসেন উপজেলার ফোর্ডনগর খানপাড়া গ্রামের সাদেমের ছেলে। তিনি ওই এলাকার আখতার ফার্নিচার ফ্যাক্টরিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে আলমগীর কয়েকজনের সাথে মদপান করেন। পরে ফোর্ডনগর রাস্তার ওপর আখতার ফার্নিচার ফ্যাক্টরির অদূরে জনৈক সুমন খার সাথে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আলমগীরের মাথায় আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় আলমগীরকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রাখা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর আহত হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে সুমন খার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানা গেছে। তবে পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় নিহতের পরিবার এ বিষয়ে আর কোনো অভিযোগ করতে রাজি নয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ রাত সাড়ে ১১টার দিকে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘নিহতের মেডিক্যাল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে মদ্যপানের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে নিহতের পরিবারের পক্ষ থেকে সুমনের বিরুদ্ধে চড়-থাপ্পড়ের অভিযোগ দেয়া হলেও এ নিয়ে বর্তমানে পরিবারের কোনো অভিযোগ নেই।’



