চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএডিসি সার গুদামে ন্যায্য মজুরির দাবিতে পালন করা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার পর শ্রমিকরা কাজে ফিরে গেলে সার গুদামের স্বাভাবিক কার্যক্রম আবারো শুরু হয়। বর্তমানে গুদামে সার লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে মজুরি নিয়ে অসন্তোষের কারণে শ্রমিকরা সারসহ অন্য পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। শ্রমিকদের দাবি, সারের বস্তা লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত ন্যায্য মজুরি প্রদান ও বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধ করা।
এ সকল দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। এর একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও হাতাহাতির ঘটনা ঘটে।
শ্রমিকরা বলেন, বিএডিসি সার গুদামের দায়িত্বে থাকা উপ-সহকারী পরিচালক শংকর দাস তাদের ন্যায্য দাবি আদায়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন। এ সময় শ্রমিকরা তার সাথে বাক বিতণ্ডায় জড়ান ও মারমুখী আচরণে তেড়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিএডিসি কুষ্টিয়ার সহকারী পরিচালক (সার) মহিউদ্দিন মিয়া। তিনি শ্রমিকদের সাথে কথা বলেন ও তাদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। পরে বিকালে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরে যান।
এ সময় মহিউদ্দিন মিয়া জানান, শ্রমিকদের সঠিক মজুরি দেয়া হচ্ছিল। তবে শ্রমিকদের পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে। বর্তমানে গুদামের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নেই।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে সার গুদামে শ্রমিকদের ধর্মঘট থাকলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন ও সার লোড-আনলোড কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি (অপারেশন) সাইদ হোসেনসহ সার ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের সাথে কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় সার গুদামে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে।



