সুনামগঞ্জের দোয়ারাবাজার বাড়ছে হাম রোগের প্রকোপ। ৪ দিনে সন্দেহজনকভাবে ৫ জনের শরীরে এই রোগের উপসর্গ লক্ষ করা গেছে। এদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সন্দেহজনক হামের লক্ষণ দেখা দেয়া দুই শিশু দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একই সাথে গুরুতর নিউমোনিয়া সন্দেহে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন শিশু বাড়িতেই স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের মাধ্যমে নিয়মিত তত্ত্বাবধানে আছেন।
কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা যায়, প্রথমে জ্বরের মাধ্যমে হাম রোগের লক্ষণ দেখা দেয়। প্রথম দুদিন জ্বর থাকে তৃতীয় দিনের মাথায় শরীরে লালচে ধানার দেখা দেয় এবং শ্বাসকষ্টের দেখা দিলে হামের সন্দেহজনক তালিকায় ধরা যায়। এ রোগে মূলত ৩ থেকে ৫ বছরের শিশুরা আক্রান্ত হয়ে থাকে। এ থেকে বাঁচতে নিয়মিত ইপিআই টিকা গ্রহণ করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
তবে সন্দেহজনকভাবে হাম রোগের লক্ষণ দেখা দিলে নিয়মিত চিকিৎসা সেবা নিতে হবে বলে চিকিৎসকরা জানান।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবু সালেহ খান জানান, ‘হাম পরীক্ষার জন্য রোগীদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পুষ্টিকর খাবার এবং নিয়মিত ইপিআই টিকা দেয়ার পরামর্শ দিচ্ছি।’



