রাজশাহীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাউছার ইমাম (৩৫) ও তার ছয় বছরের শিশুসন্তান রেদোয়ান হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


