বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ‘অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনরায় একটি সুন্দর নির্বাচন আয়োজন করুন।’
তিনি বলেন, ‘বগুড়া-৬ আসনের উপনির্বাচন দেখে মনে হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চেয়েও নির্বাচন খুব খারাপ হয়েছে। অ্যাজেন্ট বের করে দেয়া, ভোটকেন্দ্র দখল করে সিল মারা, এমনকি প্রিজাইডিং অফিসাররাও আগাম সিল দিয়ে নির্বাচনকে কলুষিত করেছে।’
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বগুড়ার কলোনিস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন কারচুপি, জাল ভোট প্রদান এবং কেন্দ্র থেকে অ্যাজেন্টদের বের করে দেয়ার তীব্র নিন্দা জানিয়ে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ‘আমরা এই প্রহসনের নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই আসনে অবিলম্বে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে।’
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড. সৈয়দ আবদুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার, শহর শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন, যুব বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।



