সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে মো: নাদিম হোসেন (২৭) নামের কুমিল্লার বুড়িচংয়ের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: নাদিম হোসেন বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে সৌদি আরবে যান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন। ঘটনার সময় একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা সহকর্মীরা অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই। একইসাথে দ্রুত আমার ছেলের লাশ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রবাসে মৃত্যু হওয়া বাংলাদেশীদের লাশ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।



