নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও মাদককারবারিদের বিরুদ্ধে র্যাব-১১ এর বিশেষ চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালায় র্যাব।
আটকরা হলেন মো: সোহেল রানা (৪০), মো: আব্দুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মো: শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মো: ইমন প্রধান (২৬), মো: আকাশ (৩০), মো: রুবেল (৩৭), মো: আরাফাত হোসেন (২৮), মো: সুজন (৩২), মো: হৃদয় মিয়া (৩২), মো: টুটুল খান (৩৮) ও মো: রেজাউল করিম (৪৮)।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর চার সদস্যের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য এলাকায় গেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনজন র্যাব সদস্য আহত হন। এ ঘটনার পর চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় র্যাব।
বুধবার সকালে র্যাব-১১ এর আদমজী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব কথা বলেন।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাসদাইর এলাকা মাদককারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। আটকদের কাছ থেকে ছয় রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, সাতটি চাইনিজ কুড়াল, দু’টি রামদা, তিনটি চাপাতি, চারটি সিসি ক্যামেরা, একটি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।



