তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মো: মুজিবুর রহমান।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজশাহীর মসজিদ মিশন একাডেমির হলরুমে ইউনিয়ন, পৌরসভা আমির/সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো: নজরুল ইসলাম, রাজশাহী জেলার সাবেক আমির মাওলানা মো: আমিনুল ইসলাম ও মো: রেজাউর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘একটি আদর্শভিত্তিক সংগঠনের মূল শক্তি তৃণমূলের দায়িত্বশীলরা। তাই ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমির/সভাপতি ও সেক্রেটারিদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও আত্মগঠনের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধি করতে হবে।’
তিনি বলেন, ‘দায়িত্বশীলদের মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও প্রত্যাশা বুঝতে হবে। একজন দায়িত্বশীলের ব্যক্তিগত চরিত্র, সততা, শৃঙ্খলা ও আচরণের মধ্য দিয়েই সংগঠনের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।’
তিনি আরো বলেন, ‘সাংগঠনিক কার্যক্রমকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ, নতুন নেতৃত্ব তৈরি এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করতে হবে।’
শিক্ষা শিবিরে রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমির/সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। এতে দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আত্মগঠন, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



