কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ইটনা সংবাদদাতা
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান খান।
মঙ্গলবার (৫ মে) ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার হাওর এলাকায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তিনি।
সচিব বলেন, ‘কৃষকদের এত বড় ক্ষতির ধাক্কা মোকাবিলায় বর্তমান সরকার তিন ক্যাটাগরিতে ভাগ করে সহযোগিতা প্রদান করবে। এ সহায়তা প্রাথমিকভাবে তিন মাস চলমান থাকবে।’
তিনি আরো জানান, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়া হবে। এছাড়া ক্ষতির পরিমাণ অনুযায়ী তিন শ্রেণিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ৭ হাজার ৫০০ টাকা মধ্যম ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ৫ হাজার টাকা অল্প ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ২ হাজার ৫০০ টাকা।’
তিনি বলেন, ‘সব ধরনের সহায়তা কার্ডের মাধ্যমে স্বচ্ছতার সাথে বিতরণ করা হবে।’
পরিদর্শনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।



