ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না। সবাই মিলে রাজশাহীকে এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ নগরীর উন্নয়ন আরও বেগবান হবে।’
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহীতে জাতীয় হার্ট ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহী সবার শহর। তাই দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টাতেই এ মহানগরীর উন্নয়ন সম্ভব। ক্ষমতার অপব্যবহার নয়, ঐক্যবদ্ধ উদ্যোগই রাজশাহীকে আরো এগিয়ে নেবে।’
তিনি বলেন, ‘জাতীয় হার্ট ফাউন্ডেশন, রাজশাহী ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে পরিণত হচ্ছে। শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় তিন দিনের এই কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়।’
ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরো বড় পরিসরে স্বাস্থ্যসেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন দাবির বিষয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানটির জন্য ভবিষ্যতে আরও বেশি সরকারি অনুদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, তিন দিনের এ কর্মসূচিতে প্রায় আড়াই হাজার শিশুর হৃদরোগ শনাক্ত ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ উপলক্ষে ২ হাজার ৬০০ জন নিবন্ধন করেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
উল্লেখ্য, গত ২২ জুলাই শুরু হওয়া এ কর্মসূচিতে চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধিদল অংশ নেয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কর্মসূচির চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করে।



