মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল হক আর নেই। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন।
পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য থাকাকালে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার বিশেষ প্রচেষ্টায় ঐতিহাসিক জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় এবং এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।



