নারায়ণগঞ্জের ক্যান্টিনে বিস্ফোরণ : দগ্ধ আরো একজনের মৃত্যু

দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |ইন্টারনেট

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎকেন্দ্রে ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আমির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দু’জনে।

আজ শনিবার সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত বুধবার (১৩ মে) দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার শংকর নামের একজনের মৃত্যু হয়েছিল। আজ সকাল ১০টার দিকে আইসিইউতে আমির নামের চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল।

তিনি জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনো চারজন জাতীয় বার্নে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি