নাটোরের নলডাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর গাড়ি সাথে সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহত ব্যক্তি সিএনজির যাত্রী উপজেলার বীরকুটসা উত্তরপাড়া গ্রামের মরহুম আলিমুদ্দিনের ছেলে মো: নজরুল ইসলাম (৬০)। আহত দুইজন স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নলডাঙ্গা উপজেলার নওগাঁ-নাটোর রোডে বাসুদেবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বিকেলে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলাধীন বাসুদেবপুর বাজারে সেনাবাহিনীর একটি গাড়ি নাটোর থেকে নলডাঙ্গা আর্মি ক্যাম্পে ফেরার পথে বিপরীতমুখী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিনজন যাত্রী আহত হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে নলডাঙ্গা প্রাইভেট হাসপাতালে (বিসমিল্লা হাসপাতাল) ভর্তি করান। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। এতে সেনাবাহিনীর গাড়ির সামনের অংশে সামান্য ক্ষতি হয় এবং সিএনজির সামনের কাঁচ পুরোটাই ভেঙ্গে যায়। সিএনজির যাত্রীরা চিকিৎসার জন্য সিএনজি যোগে নাটোর শহরে যাচ্ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



