ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের মূলহোতা ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)।

ফেরদৌস রহমান অন্তর বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভারতের ছড়া গ্রামে ইন্তাজ আলীর ছেলে। মাসুদ মিয়া একই এলাকার সুলতান আলীর ছেলে। এ সময় তাদের নিকট তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। চক্রের অপর সদস্য মমিনুর রহমান (২৭) পলাতক রয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে গত ৩১ মে ছিনতাই করা অটোরিকশাটি তারা নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামের শোরুমে বিক্রয় করেছে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার অটোরিকশা চালক রকি মিয়া (১৯) প্রতিদিনের মতো গত ৩১ মে যাত্রী পরিবহনের উদ্যেশ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড হতে নাগেশ্বরী যাওয়ার পথে তিনজন যাত্রী তার অটোরিকশায় ওঠে।

কিছু সময় পর যাত্রীরা অটোরিকশা চালককে ফুসলিয়ে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে অটোরিকশা চালক বেঁহুশ হয়ে পড়লে যাত্রীবেশে থাকা চোর চক্রের তিন সদস্য অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

অটোরিকশা চালকের নানা রুস্তম আলী (৭৩) বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ তদন্ত শুরু করলে অটোরিকশা চুরির সাথে জড়িত একটি চোর চক্রের সন্ধান পায়। চক্রটি যাত্রীর বেশে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী মহাসড়কে চলাচল করা অটোরিকশায় উঠে যাত্রী ও চালকদের সাথে বিভিন্ন অপকর্ম করত।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘অটোরিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’