লালপুরে সাপের ছোবলে দিনমজুরের মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মার চরে ফসলি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের ছোবলে নূর মোহাম্মদ ওরফে নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
লালপুর থানা, নাটোর
লালপুর থানা, নাটোর |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে পদ্মার চরে ফসলি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের ছোবলে নূর মোহাম্মদ ওরফে নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) মোহরকয়া কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নূর মোহাম্মদ উপজেলার নাগশোষা গ্রামের মরহুম আজিমুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে দিনের বেলা নূর মোহাম্মদ উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে স্থানীয় বাসিন্দা মো: ফজলুর রহমানের জমিতে কৃষিকাজ করতে যান। জমিতে কাজ করার একপর্যায়ে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের মাঠের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি তার পরিবারকে জানায়।

পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।