সিলেটে নতুন আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্যাস সংযোগ, লোড বৃদ্ধি এবং পাইপলাইনের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে সতর্কতা জারি করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)।
গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গৃহস্থালী, বাণিজ্যিক ও সিএনজি খাতে নতুন গ্যাস সংযোগ এবং লোড (গ্যাস সরঞ্জাম/বার্নার) বৃদ্ধি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এ অবস্থায় নতুন সংযোগ বা লোড বৃদ্ধির নামে কারো সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, জেডিটিডিএসএলের বিতরণ এলাকায় গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে পাইপলাইনের ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা বিতরণ লাইন থেকে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনুমোদিত সীমার বেশি বা অধিক ক্ষমতার গ্যাস সরঞ্জাম ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
গ্যাস-সংক্রান্ত যেকোনো কাজ—যেমন চুলা বা রাইজার স্থানান্তর, অভ্যন্তরীণ ও সার্ভিস লাইনের মেরামত, বুশ, রেগুলেটর বা লক-উইং কক পরিবর্তন এবং আরএমএস/সিএমএসের ত্রুটি মেরামত—সংশ্লিষ্ট আঞ্চলিক বিতরণ কার্যালয়কে অবহিত করে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জিআই/এমএস লাইন মাটির ওপরে দৃশ্যমান অবস্থায় স্থাপন করতে হবে। পাশাপাশি রান্নাঘরে চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে।



