ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উচ্ছেদ অভিযান

‘প্রধানমন্ত্রীর আগমন ও ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ময়মনসিংহ সফরে যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন। গত দুই দিন ধরে ভালুকা ও ত্রিশাল উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আগামী ২৫ মে জাতীয়ভাবে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হবে। দরিরামপুর নজরুল অ্যাকাডেমি মাঠে ২১-২৫ মে পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা। প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ আয়োজনকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা, যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনের নামে প্রশাসন দখলমুক্ত অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার (৭ মে) ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক স্থাপনা। দীর্ঘদিন ধরে সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখলের কারণে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেয়া ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন ও ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

অন্যদিকে ভালুকায়ও মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। উপজেলার নাসির গ্লাস এলাকা থেকে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ফুটপাত উচ্ছেদ করা হয়।

প্রশাসনের দাবি, মহাসড়কে যানজট কমানো ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ। এর আগেও এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। নজরুল জয়ন্তী উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’