সাভার পৌর এলাকার রাজাশনে মাদক আখড়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক গুরতর আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) বিকেলে শীর্ষ মাদক কারবারি শামীম ও তার সহযোগীদের হামলায় তারা গুরতর আহত হন বলে জানা গেছে।
আহতরা হলেন- এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও উভয় টিভির দুই ক্যামেরাম্যান। আহতদের প্রথমে সাভার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সাভার পৌর এলাকার রাজাশন পালোয়ান পাড়ায় শামীমের মাদক আখড়ায় দীর্ঘদিন ধরে প্রকাশ্য মাদক বেচাকেনা চলছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রশাসনের টনক নড়েনি। অভিযোগ আছে- প্রশাসনের বিভিন্ন সংস্থা এ আখড়া থেকে নিয়মিত মাশোহারা নিয়ে থাকেন।
এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারকৃত মাদকের একটি অংশ এ আখড়ায় বিক্রয় করা হয়ে থাকে। শামীম ইতোপূর্বে পুলিশের পোশাক পরিহিত হয়ে ডাকাতি করতে গিয়ে একাধিকবার গ্রেফতার হয়ে হাজত বাস করেন।
তার আখড়ায় অর্ধশতাধিক মাস্তান-সন্ত্রাসীকে লালন-পালন করা হচ্ছে বলেও অভিযোগ আছে। মাদকের টাকায় বেশ অর্থকড়ির মালিক হয়েছেন তিনি। তার রাজাশন এলাকায় রয়েছে ১০-১২টি মূল্যবান জমির প্লট ও একাধিক বাড়ি।
সাভার মডেল থানার (ওসি) আরমান আলী জানান, মাদক সম্রাট শামীমের আস্তানায় হামলার খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শামীম ও তার সহযোগীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



