গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: ‘ক্লিন ও গ্রিন’ নগরী গড়ার অঙ্গীকার

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছে গাজীপুর সিটি করপোরেশন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: ‘ক্লিন ও গ্রিন’ নগরী গড়ার অঙ্গীকার
গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি: ‘ক্লিন ও গ্রিন’ নগরী গড়ার অঙ্গীকার |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছে গাজীপুর সিটি করপোরেশন।

রোববার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।

পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার, ক্রমবর্ধমান নগরায়ণের বিপরীতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার অংশ হিসেবে এদিন বিভিন্ন প্রজাতির নিম ও শোভনবর্ধক ফুলগাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক মো: শওকত হোসেন সরকার পরিবেশ রক্ষার তাগিদে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের জনপদকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা গাজীপুরকে কেবল একটি শিল্প বা আবাসিক নগরী হিসেবে নয়, বরং একটি ‘ক্লিন ও গ্রিন’ শহর হিসেবে বিশ্বমঞ্চে পরিচিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশন প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

তিনি আরো যোগ করেন, ‘একটি নগরীর প্রাণ এর পরিবেশ। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমরা বনায়ন কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। আমি আহ্বান জানাই, সরকারি প্রচেষ্টার পাশাপাশি প্রতিটি নাগরিক যেন নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম, প্রধান প্রকৌশলী মো: আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, ৫ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, গাসিক যান্ত্রিক শাখার প্রকৌশলী আমজাদ হোসেনসহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, আব্দুল খালেক আকন, সাবেক কাউন্সিলর সবদের হাসান, মাহবুবুর রশিদ খান শিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম জানান, পর্যায়ক্রমে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়কের পাশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ফাঁকা জায়গায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীজুড়ে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, নগরীর প্রতিটি জোন ও ওয়ার্ড পর্যায়ে এই বৃক্ষরোপণ কার্যক্রম পর্যায়ক্রমে বিস্তার করা হবে, যাতে গাজীপুরের সামগ্রিক পরিবেশগত মানোন্নয়ন ঘটে।