সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রীসেবার মানোন্নয়নে ‘গ্রিন লাউঞ্জ’ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে এ লাউঞ্জের উদ্বোধন করা হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এটি পূবালী ব্যাংকের প্রথম ডমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ, যা মূলত সিলেট-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য প্রিমিয়াম সেবা নিশ্চিত করবে। ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরো স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক ও নান্দনিক পরিবেশে সাজানো পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা ও আরামদায়ক আসন ব্যবস্থা। ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিন লাউঞ্জ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরো আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। ভবিষ্যতেও গ্রাহক সেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সদর উপজেলার বড়শলা এলাকায় একটি ডিজিটাল ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়।



