নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবার লাখ টাকা পুরস্কার ঘোষণা

২ মার্চ ইফতারের সময় বাড়ির পাশের মাহমুদা কওমি মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শিশুটি। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
নিখোঁজ শিশু নাফিজ হোসেন
নিখোঁজ শিশু নাফিজ হোসেন |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় নাফিজ হোসেন নামে এক নিখোঁজ শিশুর সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিশুটির বাবা।

পরিবার সূত্রে জানা গেছে, ২ মার্চ ইফতারের সময় বাড়ির পাশের মাহমুদা কওমি মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে শিশুটি। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ নাফিজ হোসেনের বাবা মো: দেলওয়ার হোসেন শেখের বাড়ি শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ভোরের বাজার এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত শিশু নাফিজের কোনো সন্ধান মেলেনি। নাফিজের নিখোঁজের পর থেকে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের অপেক্ষায় দিন কাটছে তার মা-বাবার। নাফিজের মা প্রতিনিয়ত দরজার দিকে তাকিয়ে থাকেন এই বুঝি তার সন্তান ফিরে এলো।

অন্যদিকে বাবা মো: দেলওয়ার হোসেন শেখ অসহায়ের মতো সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছেন। তিনি বলেন, আমার ছেলেটাকে খুঁজে দিন, আমি তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। যে নাফিজের সন্ধান দিবে তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দিবো।

এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং শিশুটিকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, শিশুটির নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। আমরা সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

নাফিজের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে—
নাফিজের মা : ০১৩৩৭-৩৬৫৬৩৪