চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Location :

Chattogram
চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী রোববার (৯ আগস্ট) তার এই সফর চূড়ান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন।

সফরকালে তিনি পশ্চিম বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে প্রশাসনিক এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাঁশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করার জন্য বাঁশখালী সমুদ্রসৈকতে হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে। তিনি পশ্চিম বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন ও বন্যায় গৃহহীনদের মাঝে নতুন ঘরের চাবি তুলে দেবেন। একই সাথে পশ্চিম বাঁশখালীতে তিনি সমাবেশে ভাষণ দেয়ার সম্ভাবনা রয়েছে।

পরে তিনি হাটহাজারী ও ফটিকছড়ির উদ্দেশ্যে বাঁশখালী ত্যাগ করবেন। এই সফরে ফটিকছড়ি গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথেও তিনি সাক্ষাৎ করতে পারেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের দলীয় নেতাকর্মীরা প্রোগ্রামের শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।