বাংলাদেশের রামসার তালিকাভুক্ত টাঙ্গুয়া হাওরের পাটলাই নদীতে নৌকা ভ্রমণের সময় পানিতে পড়ে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তামিম আহমদ ধর্মপাশা উপজেলার রাজাপুর ইউনিয়নের গুলুয়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ২৫ থেকে ৩০ জনের একটি দল নৌকা নিয়ে টাঙ্গুয়া হাওরে বেড়াতে আসে। শনিবার দুপুরে ফেরার পথে চলন্ত নৌকা থেকে তামিম হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৫টা ২২ মিনিটে নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।



