জৈন্তাপুরে খালে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে চাচার সাথে গরু চরাতে গিয়ে খালের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, উপজেলার শিকারখা গ্রামের কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) ও সালেহ আহমেদের ছেলে মুন্না আহমদ (সাড়ে ৪ বছর)

স্থানীয় সূত্র জানায়, দুপুরে চাচা জাকারিয়া হাওরে গরু চরাতে যাওয়ার সময় তার পিছু নেয় মুন্না ও মাঈশা। পরে তিনি তাদের বাড়িতে রেখে যান। কিন্তু পরিবারের অজান্তে কখন আবার বাড়ির পাশের ‘রাহুরখালে’ তারা দুজন নেমে পড়ে তা কেউ টের পাননি।

মৃত শিশু দুটির চাচা জাকারিয়া জানান, দুপুরে গরু চরাতে যাওয়ার সময় আমার ভাতিজা-ভাতিজি আমার সাথে যায়। পরে তাদের বাড়িতে রেখে আসি। হঠাৎ মানুষের চিৎকার শুনে খালের পাশে গিয়ে দেখি স্থানীয়দের সহায়তায় রাহুরখাল থেকে তাদের উদ্ধার করা হচ্ছে। পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা কিভাবে আবার খালের কাছে গেল, আমরা কেউই জানি না।

ফতেহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি থানার পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।