কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ আটক ৪

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
আটক চার মাদক কারবারি
আটক চার মাদক কারবারি |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ চারজনকে আটক করেছে।

শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম (২৩), আসপদ্দি গ্রামের বাবুল রায়ের ছেলে সজল রায় (২৬), উজিয়ালখান গ্রামের সুলতান খানের ছেলে সোহান খান (২৫) ও চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের ডোমজুরি গ্রামের জাকির হোসেনের ছেলে সোয়াইন হোসেন (২৪)।

থানা সূত্রে জানা যায়, কাউখালী থানার এসআই মো: মহিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কেউন্দ্রিয়া গ্রামের এক অভিভাবক বলেন, মাদকের কারণে এলাকার তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনায় আমরা স্বস্তি বোধ করছি।

ডোমজুরি এলাকার বাসিন্দারা বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।

তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি।